বাংলাদেশে ১৯৭৫ সালের খালেদ মোশাররফের ক্যু সম্পর্কে বিএনপির প্রবীণ নেতা মির্জা গোলাম হাফিজ বলেছিলেন "আসলে ঘুড়ি কাটাকাটি খেলা দেখলেই চলবে না। কে ঘুড়ি উড়াচ্ছে তাই দেখতে হবে। দেখতে হবে সে কোথায় আছে। আমেরিকায়, রাশিয়ায় না ভারতে। আসলে একই লোক “আমাদের আর তোমাদের” দলের লোককে হত্যা করছে। মূল খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে কারা এসব হত্যার সাথে জড়িত। এবং তাদের বিচার করতে হবে দেশের প্রচলিত আইনের মাপকাঠিতে। মার্শাল ল’র মাধ্যমে বিচার করলে চলবে না। কেননা মার্শাল ল’র বিচার ঠিক হয় না। মার্শাল ল’র বিচারেও আমি বিশ্বাস করি না।"
বাংলাদেশের সেনাবাহিনী থেকে রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিতরা, উচ্চ আদালতের বিচারক থেকে আইনজ্ঞরা, জনপ্রতিনিধি থেকে সাংসদেরা, প্রশাসক থেকে পুলিশ বিডিআর, রিপোর্টার থেকে সম্পাদকেরা এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের ছাত্র থেকে প্রফেসররা—সকলেই যেন সেই ঘুড়ি কাটাকাটি খেলা দেখেই দিন পার করে। তার পর তারা কোনো এক ঘুড়ির সমর্থক হয়ে সেই কাটাকাটি খেলায় যোগ দেয়।
কে ঘুড়ি উড়াচ্ছে, লাটাই কাদের হাতে এবং “আমাদের আর তোমাদের” দল কারা তৈরি করে আমাদেরই লোককে হত্যা করছে এসব প্রশ্ন যেন অবান্তর। এসবের মূল খুঁজে বের করতে হলে এবং খুঁজে বের করতে হলে কারা এসব হত্যার সাথে জড়িত, আমাদের গণহত্যার মাধ্যমে দরিদ্র দেশ নিয়ন্ত্রণের ওয়াশিংটন মডেলটি বুঝতে হবে।
শীতল যুদ্ধের সময় ইন্দোনেশিয়ায় বামপন্থী ও কমিউনিস্টদের নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রের মদদে পরিচালিত গণহত্যা এবং পরবর্তীতে বিশ্বজুড়ে সেই দমন-পীড়নের মডেল প্রয়োগ করাকেই "জাকার্তা মেথোড" বলা হয়।
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন—কারো পক্ষ না নিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে চেয়েছিলেন। ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি (পিকেআই) তৎকালীন বিশ্বের তৃতীয় বৃহত্তম কমিউনিস্ট দল ছিল। সোভিয়েত ইউনিয়ন বা চীনের বাইরে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় বামপন্থী দল, যা পশ্চিমা দেশগুলোর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
১৯৬৫ সালের ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর মেজরেরা জাতিকে স্তম্ভিত করে ছয়জন শীর্ষ জেনারেলকে হত্যা করে। এই ঘটনার জন্য কমিউনিস্ট পার্টিকে দায়ী করে মেজর জেনারেল সুহার্তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন এবং প্রেসিডেন্ট সুকর্ণকে ধীরে ধীরে ক্ষমতাহীন করে ফেলেন।
এরপর সেনাবাহিনী এবং তাদের মদদপুষ্ট ডানপন্থী মিলিশিয়া বাহিনী পুরো ইন্দোনেশিয়াজুড়ে বামপন্থীদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু করে। ঐতিহাসিকদের মতে, মাত্র কয়েক মাসের মধ্যে ৫ লাখ থেকে ১০ লাখ মানুষকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে শুধু কমিউনিস্ট পার্টির সদস্যই নয়, বরং সাধারণ কৃষক, শ্রমিক, শিক্ষক, শিল্পী এবং জাতিগতভাবে চীনা বংশোদ্ভূত নাগরিকরাও ছিলেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস ইন্দোনেশিয়ার সেনাবাহিনীকে যোগাযোগের সরঞ্জাম, অর্থ এবং কমিউনিস্ট নেতাদের 'হিট লিস্ট' বা নামের তালিকা সরবরাহ করেছিল।
ইন্দোনেশিয়ায় বামপন্থী শক্তিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেশটিকে পুঁজিবাদী ও আমেরিকাপন্থী শিবিরে নিয়ে আসার এই ঘটনাকে ওয়াশিংটন তাদের শীতল যুদ্ধের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখে।
ইন্দোনেশিয়ার এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশগুলোতেও একই কৌশল প্রয়োগ শুরু করে। যেমন—১৯৭৩ সালে চিলিতে সালভাদর আলেন্দেকে হটিয়ে জেনারেল পিনোশের অভ্যুত্থানের সময় গোপন সংকেত হিসেবে দেয়ালে লেখা হতো "জাকার্তা আসছে"।
ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ের সামরিক জান্তারা বামপন্থীদের নির্মূল করতে যে যৌথ দমন-পীড়ন চালিয়েছিল, তার মূল কাঠামোটি ইন্দোনেশিয়ার এই মডেল থেকেই নেওয়া হয়েছিল।
সংক্ষেপে, জাকার্তা মেথোড হলো এমন একটি রাজনৈতিক ও সামরিক কৌশল, যেখানে সামরিক অভ্যুত্থান, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গণহত্যার মাধ্যমে একটি দেশের বামপন্থী, জাতীয়তাবাদী বা প্রগতিশীল শক্তিকে সমূলে ধ্বংস করে সেখানে পশ্চিমা-বান্ধব ও পুঁজিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়।
ধারাবাহিকভাবে ইন্দোনেশিয়ার জাকার্তা মেথোড মডেলটি আলোচনার এটি প্রথম পর্ব।
© সিরাজুল হোসেন
