সদ্য অনুষ্ঠিত অবৈধ এবং দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটি নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সেই ফল বাংলাদেশের মানচিত্রে প্রক্ষেপিত করলে একটি আশ্চর্য বিষয় ধরা পড়ছে। সেটা হল দেশের পশ্চিম সীমান্ত বরাবর এলাকাগুলোতে জামায়াতের জিতে আসার হার অনেক বেশি।
এর একটি সাধারণ ব্যাখ্যা হলো ভারত সীমান্ত বরাবর এই এলাকাগুলোতে সীমান্ত চোরাচালানের হার বেশি। এই সব অঞ্চলের অনেক ব্যবসায়ী চোরাচালান সংক্রান্ত ব্যবসায় জড়িত। এর ফলে ভারতের নিরাপত্তারক্ষী বা ভারত সরকার তাদের সাধারণ শত্রু। এর সাথে রয়েছে চোরাচালান সংক্রান্ত ব্যবসার ফলে সাধারণ অপরাধ, যেমন খুন খারাবি এবং মব মাস্তানির প্রভাব বেশি। সবসময়ই যশোর দেশের ক্রাইম ক্যাপিটাল হিসাবে বিবেচিত।
তবে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা এবং বিভিন্ন প্রকল্পে জড়িত থাকার সময় আমি খেয়াল করি ভারতের যে বৃহত্তম সন্ত্রাসবাদী সমস্যা, যেটা হল মাওবাদী সশস্ত্র সন্ত্রাসবাদ, সেটা ভারতের সর্বত্র সমানভাবে বিস্তৃত নয়। ভারতের পশ্চিমে আরব সাগর উপকূলের কর্ণাটক থেকে পূর্বে বঙ্গোপসাগর উপকূল ধরে অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ — এই স্ট্রিপ বা ফিতার মত এলাকাটিতে মাওবাদী সশস্ত্র সন্ত্রাসবাদ বা তাদের সমর্থকেরা সবসময় বেশি। এই এলাকাটিকে ভারতের রেড করিডোর বলা হয় যেহেতু মাওবাদী রাজনীতির রং লাল।
ভারতের এই রেড করিডোরের সাথেই সংযুক্ত বাংলাদেশের পুরো পশ্চিম সীমান্ত। ২০০১ সালের বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিকশিত ইসলামী সশস্ত্র সন্ত্রাসবাদ কিন্তু বাংলাভাই খ্যাত সন্ত্রাসীদের দ্বারা এই এলাকা থেকেই আরম্ভ হয়েছে। বাংলাদেশে হলি আর্টিজানে সশস্ত্র ইসলামী সন্ত্রাসবাদী হামলার পর আমরা ইউএসএআইডির একটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশের সশস্ত্র ইসলামী সন্ত্রাসবাদের একটি জিআইএস পোর্টাল তৈরি করি। এই পোর্টালটি পুরো বাংলাদেশে সশস্ত্র সন্ত্রাসবাদের ইতিহাস বা উত্থান থেকে বর্তমানের অবস্থার জিআইএস বা মানচিত্রভিত্তিক তথ্য তুলে ধরত সন্ত্রাসবাদীদের জীবনপ্রবাহ সহ। অর্থাৎ তারা কোথায় জন্মগ্রহণ করেছে, কোন প্রতিষ্ঠানে পড়েছে, কোন সমাজে মিশেছে, কেন দল করেছে, কোথায় কাজ করেছে, কারা অর্থ সরবরাহ করেছে ইত্যাদি থেকে তাদের পারিবারিক ও মনোসামাজিক ঘটনাবলী সহ। সেই জিআইএস পোর্টাল তুলে ধরেছিল ভারতের এই রেড করিডোরের সাথে সংযুক্ত বাংলাদেশের পুরো পশ্চিম সীমান্তে ইসলামী সন্ত্রাসবাদী, তাদের সমর্থক ও তাদের সহযোগীদের ঘনত্ব সবচেয়ে বেশি।
কেন ভারতের এই রেড করিডোর এবং তার সাথে সংযুক্ত বাংলাদেশের পুরো পশ্চিম সীমান্তের মানুষদের মধ্যে সশস্ত্র মৌলবাদী প্রভাব বেশি তার গবেষণাও আমি করেছিলাম। সেটা নিয়ে পরে কখনও আলাপ করা যাবে। তবে উপরের তত্ত্ব তুলে ধরে যে কেন এই এলাকায় রাজাকার আলবদর খ্যাত জামাতের বিজয় সবচেয়ে বেশি এসেছে।
© সিরাজুল হোসেন
